দীর্ঘদিন কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব। শুক্রবার বিকেল তিনটার দিকে কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পান তিনি। যুবদল নেতা আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।কারাফটোকে সাইফুল আলম নীরবকে অসংখ্য নেতাকর্মী ফুল দিয়ে বরণ করেন।
জানা যায়, গত বছরের ৪ মার্চ সাইফুল আলম নিরবকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। তার বিরুদ্ধে ৪৫৪টি মামলা আছে। এর মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দায়েরকৃত ৭ মামলায় তার ১৭ বছরের সাজা দিয়েছেন আদালত। এসব মামলায় জামিন পাওয়ার পর গত ২০ মার্চ জেলগেট থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।
২০২২ সালের পল্টন থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এই মামলায়ও জামিন পেলে গত ২১ এপ্রিল ফের জেলগেটে থেকে আটক হন নীরব। তাকে ২০২১ সালের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এই মামলায় গত ৫ জুন জামিন পান তিনি।
কিন্তু গত সোমবার ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হলে তৃতীয় দফায় তাকে আটক করে ২০২২ সালে মতিঝিল থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এই মামলায় জামিন পেয়ে শুক্রবার মুক্তি পান তিনি।